কলকাতা, ২৫ আগস্ট : দক্ষিণবঙ্গের কিছু জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। ভিজবে উত্তরবঙ্গও। তারপর থেকে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার পর ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার পর আবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোচবিহারেও শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি।
