
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পার্টি অফিসে গভীর রাতে হামলার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা অফিসে হামলা চালায় বলে অভিযোগ। বুধবার সকালে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছে দেখতে পান, অফিসের সামনে থাকা ব্যানার ও পোস্টার ছেঁড়া হয়েছে। অফিসেও হামলার চিহ্ন মিলেছে বলে দাবি তাঁদের। ঘটনার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পূর্ণিমা চক্রবর্তী। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বটতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত ২:৩০টে-৩টে নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পূর্ণিমা চক্রবর্তীর অফিসে হামলা চলে। বুধবার সকালে বিজেপি নেতা কর্মীর অফিসে এসে দেখেন, ব্যানার পোস্টারে থাকা বিজেপির লোগো ধারালো কিছু দিয়ে কেটে দেওয়া হয়েছে। আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর কাটআউটের মুখের অংশটিও ছিড়ে দেওয়া হয়েছে। হামলা হয়েছে অফিসেও। এই ঘটনায় প্রথমে বিস্মিত হন বিজেপি কর্মী-সমর্থকরা। পথ চলতি মানুষও আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় বটতলা থানায়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি কর্মী ও মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর অভিযোগ, রাতের অন্ধকারে সন্ত্রাসের পরিবেশ তৈরির জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। কী কারণে এই কাজ করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বটতলা থানার পুলিশ।
