
সোনারপুর, ২১ জুলাই :- ১৯৯৩ সালের একুশে জুলাইয়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কামরাবাদের শহিদ রতন মণ্ডলের পরিবার ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীর শাস্তির দাবি জানাল। মঙ্গলবার একুশে জুলাইয়ে শহিদ দিবস উপলক্ষে তাঁরা একথা জানিয়েছেন| একইসঙ্গে, সব শহিদ পরিবারের সম্মতি থাকলে নতুন করে মামলা দায়েরের উদ্যোগকেও তাঁরা সমর্থন করবেন বলে জানান।শহিদ রতন মণ্ডলের স্ত্রী মহারানি মণ্ডল বলেন, “মেয়ে যেখানে নিয়ে যাবে, আমি সেখানেই যাব।” তবে তাঁর ছেলে সঞ্জয় মণ্ডল জানান, তিনি বাড়িতেই থাকবেন। পরিবারের বক্তব্য, শহিদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে ঘটনার নিরপেক্ষ বিচার এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।এদিন পরিবারের উদ্যোগে কামরাবাদে বাড়ির কাছেই অবস্থিত রতন মণ্ডলের শহিদ বেদিতে মাল্যদান করা হয়। শহিদ বেদি ফুল দিয়ে সাজানোর পাশাপাশি সেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও লাগানো হয়। অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। অন্য কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে সেখানে দেখা যায়নি।শহিদের পরিবারের দাবি, দীর্ঘদিন পরে হলেও ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক দোষীর শাস্তি নিশ্চিত হোক এবং প্রয়োজনে সব শহিদ পরিবারের ঐকমত্যের ভিত্তিতে নতুনভাবে আইনি উদ্যোগ নেওয়া হোক।
