
পাথারকান্দি (অসম), ২ এপ্রিল : চলতি রমজান মাসে মাংস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এরই মধ্যে নতুন প্রজাতির বিদেশি তার্কি মোরগ বাজারজাত করে সবাইকে তাক লাগিয়ে দিলেন পাথারকান্দির ক্ষুদ্র ব্যববসায়ী জনৈক বাচ্চু মিয়াঁ।
আজ রবিবার বাচ্চু মিয়াঁ তিনটি তার্কি মোরগ লোয়াইরপোয়া ব্লকের সলগই বাজারের সাপ্তাহিক হাটে নিয়ে আসলে ভিড় জমান কৌতূহলি জনতা। কেননা এর আগে স্থানীয় অনেকে এই প্রজাতির মোরগ দেখেননি। জানা গেছে, এ সব মোরগ আকারে অনেকটা ইমু পাখির মতো। ওজন পাঁচ থেকে ১৫ কেজি পর্যন্ত হতে পারে। এই পাখির মাংস পাঁঠা খাসির মাংসের মতোই সুস্বাদু। ফলে হাজার টাকার পাঁঠা খাসির চেয়ে কম দামে তার্কি মোরগের মাংস খেতে পারেন মাংস প্রেমীরা।
মোরগের মালিক পাথারকান্দির বাচ্চু মিয়াঁ জানান, বদরপুর থেকে প্রথমে এই প্রজাতির বেশ কয়েকটি মোরগ ৫০০ টাকা কেজি দরে কিনে বাড়িতে খামার গড়েন। বর্তমানে বেড়ে ওঠা মোরগগুলো তিনি নিজের অল্টো গাড়িতে করে বাজারে বাজারে বিক্রি করেন। দাম চাইছেন কেজি প্রতি ৫০০ টাকা করে। তিনি আরও জানান, এই প্রজাতির মোরগ পালন করে বেকার যুবক-যুবতীরাও স্বাবলম্বী হতে পারেন।
