
মুর্শিদাবাদ, ১৭ জুলাই : মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শোকস্তব্ধ ভারতীয় রেল। রেলের পক্ষ থেকে নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে রাজ্যের তরফে নিহতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে।
এদিকে, মুর্শিদাবাদে লেভেল ক্রসিং দুর্ঘটনায় গেটম্যান এবং সুপারভাইজারকে কর্তব্যের গাফিলতির কারণে সাসপেন্ড করা হয়েছে। এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি। উল্লেখ্য, শুক্রবার সকালে স্কুল যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তিন পড়ুয়া-সহ চারজনের। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে এই ঘটনা ঘটে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে পূর্ব রেল। সেই সঙ্গেই ওই শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি বলেন, "এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, যাতে তিনজনের মৃত্যু হয়েছে। রেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিয়েছে এবং গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ১০ সদস্যের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।" কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "যে কোনও প্রাণহানিই মর্মান্তিক, কিন্তু শিশুদের মৃত্যু আরও বেশি হৃদয়বিদারক। একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন এবং আমি বিশ্বাস করি রেল কর্তৃপক্ষ একটি পৃথক তদন্ত পরিচালনা করবে।"
