
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক প্রথম দফার ভোট চলাকালীনই প্রচারের ময়দানে সক্রিয় থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরে প্রচারের পর এবার তিনি সভা করলেন মথুরাপুরে এবং পরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে জনসভায় অংশ নেন।কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই মেগা জনসভা থেকে তিনি শাসকদল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক আক্রমণ শানান। মোদী বলেন, রাজ্যে পরিবর্তনের সময় এসেছে।তিনি আরও দাবি করেন, ভোটের ফলপ্রকাশের পর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যাবে।
জয়ের ব্যাপারে যে তিনি রীতিমতো আত্মবিশ্বাসী এদিন তাও একবার বললেন সোচ্চারে। এদিনের সভা থেকে মোদী বলেন, “বিজেপির উপর মানুষের ভরসা বেড়েছে। সব জায়গায় আওয়াজ উঠছে পাল্টানো দরকার। বাংলার মহিলারা তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে। তিনবার বাংলার মানুষ তৃণমূলকে সুযোগ দিয়েছে। কিন্তু, বাংলার মা বোনেদের উপর তৃণমূল যা অত্যাচার করেছে তা তারা ভুলবে না। বাংলার উন্নয়নে সবথেকে বড় বাধা তৃণমূলের সিন্ডিকেট। তৃণমূল কেন্দ্রের পাঠানো টাকাও খেয়ে ফেলেছে। রাজ্যের মানুষের সুখ-দুঃখে নির্মম সরকারের হেলদোল নেই। তৃণমূল প্রতিশ্রুতি ছাড়া বাংলার মানুষকে কিছুই দেয়নি।”
তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “নির্মম সরকারকে উৎখাতের এটাই সঠিক সময়। এবার তৃণমূলের ভয় হারবে, বিজেপির ভরসা জিতবে। বিজেপির মুখ্যমন্ত্রী হলে দিন-রাত উন্নয়ন হবে।” প্রধানমন্ত্রীর সভার জন্য সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা কাকদ্বীপ। সভাস্থলের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড দিয়ে দফায় দফায় তল্লাশি চালানো হয়েছে।
