
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘আজাদি’ স্লোগান ঘিরে বিতর্কের আবহেই এবার সিপিএমকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা কাশেম আলি। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এই বিজেপি নেতার অভিযোগ, সিপিএমকে ‘গোখরো সাপ’-এর মতো এড়িয়ে চলা উচিত। পাশাপাশি দলটির সামাজিক বয়কটেরও ডাক দেন তিনি। রবিবার এক প্রকাশ্য জনসভা থেকে সিপিএমকে ‘পাকিস্তানের দালাল’ বলেও কটাক্ষ করেন কাশেম। তাঁর বক্তব্যে বামপন্থীদের বিরুদ্ধে একের পর এক তীব্র মন্তব্য উঠে আসে। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
রবিবার রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার জনসভা ছিল বাদুড়িয়ায়। সেখানে বক্তব্য রাখার সময় সংগঠনের সহ-সভাপতি কাশেম আলি সিপিএমের বিরুদ্ধে রীতিমতো বিতর্কিত সমস্ত কথা বলেন। তাঁর কথায়, ‘‘সিপিএমের সঙ্গে কোনও আপস করবেন না, বন্ধুত্ব করবেন না। সিপিএম হলো গোখরো সাপ, ছোবল মারবেই। এসব গোখরো সাপ দেখলে ছোবল মারার আগেই ওদের মাথায় ডান্ডা দিয়ে মারুন, হসপিটালে পাঠিয়ে দিন। নাহলে বস্তায় ভরে দিন। তারপর আমরা দেখে নেব।” এখানেই শেষ নয়, সিপিএমের মুখে ‘আজাদি’ শুনলে কীভাবে মানুষ থামাবে, সেই নিদানও দিলেন কাশেম আলি। বললেন, ‘‘আজাদির মতো কথা বললে ডান্ডা রাখবেন হাতে, ডান্ডা দিয়ে মেরে ঠান্ডা করে দেবেন। সিপিএমকে কেউ বিশ্বাস করবেন না। এরা পাকিস্তানের দালাল, রাষ্ট্রবাদীদের জলের মধ্যে বিষ খাইয়ে এরা মেরে ফেলতে পারে। এদের একঘরে করে দিন। সিপিএমের থেকে খুব সাবধান। এদের অস্তিত্ব আমরা মুছে দেব।”
কাশেম আলির এহেন গরমাগরম বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সিপিএমের প্রবীণ নেতা অনিমেষ মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘ওদের তো আজাদি কথাটায় আপত্তি। আজাদি মানে স্বাধীনতা। সেটা আরএসএস-বিজেপির নীতিতে নেই। ওরা স্বাধীন মনোভাব চায় না। স্বাধীনতাকে ভয় পায়। তাই এত আপত্তি। ওঁকে (কাশেম আলি) মনে করিয়ে দিতে চাই, এমন কথা এখানে বছর কয়েক আগে তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিকও বলতেন। বলতেন, সিপিএমের সঙ্গে বন্ধুত্ব করবেন না, একসঙ্গে চা খাবেন না। তাঁর অবস্থা এখন কী হয়েছে, সবাই দেখছেন।” কাশেম আলির মন্তব্য নিয়ে থানায় এফআইআর করা দরকার বলে মত অনিমেষবাবুর।
