
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মিড-ডে মিল-সহ স্কুলের বিভিন্ন খাতে প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ওন্দা ব্লকের বাকি সেঁন্দড়া হাই স্কুলে। অভিযোগ ঘিরে প্রধান শিক্ষক সাধন চন্দ্র পালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বিক্ষোভের মধ্যে প্রধান শিক্ষকের মাথায় ডিম ফাটানো হয় এবং তাঁর দিকে গোবর ছোড়ার অভিযোগ ওঠে। স্কুল চত্বর কার্যত ‘চোর চোর’ স্লোগানে সরগরম হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে স্কুলে তৈরি হওয়া উত্তেজনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারীদের দাবি, মিড-ডে মিল, স্কুলের উন্নয়ন তহবিল-সহ বিভিন্ন খাতে বরাদ্দ অর্থের হিসাব নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। তাঁদের অভিযোগ, প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই সোমবার স্কুলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মধ্যেই প্রধান শিক্ষকের মাথায় গোবর ও ডিম ঢেলে দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য অলোক ঘোষ বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” এলাকার বিজেপি বিধায়ক অমর শাখা বলেন, “সরকারি অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ অত্যন্ত গুরুতর। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাধন চন্দ্র পাল। তাঁর দাবি, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিদ্যালয়ের সমস্ত আর্থিক লেনদেন সরকারি নিয়ম মেনেই হয়েছে। তদন্তে সব নথি তুলে ধরব।” বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) পীযূষ কান্তি বেরা বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত করে শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে কেন্দ্র করে সোমবার স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা কতটা, সেই প্রশ্নের পাশাপাশি প্রধান শিক্ষককে প্রকাশ্যে অপমান ও হেনস্তার ঘটনায়ও চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক তদন্তের পরেই অভিযোগের আসল সত্য সামনে আসবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর।
