kolkata

3 hours ago

Sukanta Bhattacharya Poem: সিলেবাসে ফিরুক সুকান্তর ‘আঠারো বছর বয়স’, মুখ্যমন্ত্রীকে চিঠি লেখক-শিল্পী সংগঠনের

Sukanta Bhattacharya Bengali Syllabus Demand
Sukanta Bhattacharya Bengali Syllabus Demand

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্কুলের সিলেবাসে একাধিক পরিবর্তন আনা হয়েছিল। সেই সময় থেকেই কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ‘রবীন্দ্রনাথের প্রতি’ এবং ‘আঠারো বছর বয়স’ কবিতা দু’টি পাঠ্যক্রমে আর রাখা হয়নি বলে দাবি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য কমিটির। তবে কী কারণে কবিতাগুলি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। কবির জন্মশতবর্ষে তাঁর সৃষ্টিকে ফের স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। এই দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠিও পাঠানো হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। কবির সাহিত্যকর্মের গুরুত্ব বিবেচনা করে বাদ পড়া কবিতাগুলি ফের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়েছেন পবিত্র সরকাররা।

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সভাপতি পবিত্র সরকার বলেন, “সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছোটদের সিলেবাসে থাকবে এটা এমন কিছু বেশি চাওয়া নয়। আগের সরকার তাঁর কবিতা সিলেবাস থেকে বাদ দিয়ে অন্যায় করেছে। এখন রাজ্যে নতুন সরকার। তাই তাদের কাছে বিষয়টি জানানো হয়েছে। সুকান্ত ভট্টাচার্যকে ফের সিলেবাসে ফেরানো হোক।” পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায় বলেন, “আগের সরকার যখন স্কুলের সিলেবাস থেকে সুকান্ত ভট্টাচার্যকে বাদ দিয়েছিল তখন প্রতিবাদ করেছি। সভা সমিতিতে আলোচনা করেছি। ভেবেছিলাম বিষয়টি সরকারের নজরে আসবে। তবে লিখিতভাবে কিছু জানানো হয়নি। এবার কবির জন্মশতবর্ষে চিঠি দিয়ে সরকারকে জানানো হয়েছে।” 

বলে রাখা ভালো, গত ২০২০ সালে কেন্দ্র জাতীয় শিক্ষানীতি পাশ করেছিল। কিন্তু সেসময় রাজ্যে বিরোধী তৃণমূল সরকার থাকায় তা লাগু হয়নি। সরকারের পালাবদলের পর বাংলায় চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি। এই নীতি অনুযায়ী, স্কুলস্তরে সিলেবাস হবে চাকরিমুখী অর্থাৎ বাস্তবে চাকরি পেতে যে সমস্ত তথ্য জানা প্রয়োজন, তাতে জোর দেওয়া হবে সিলেবাসে। একইসঙ্গে পড়ুয়াদের চাপ যাতে বেশি না হয়, নজর দেওয়া হবে তাতেও। পরীক্ষাব্যবস্থায় সেমিস্টার পদ্ধতি চালু হবে প্রতি ক্লাসে। বাংলার শিক্ষা পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন সিলেবাস তৈরি হবে। ওয়াকিবহাল মহলের মত, স্কুলের পাঠ্যসূচি হতে চলেছে পুরোপুরি রাষ্ট্রবাদী। মুঘল বা ইসলামিক ইতিহাসের পুরোটাই বাদ যেতে পারে। আপাতত শুধুমাত্র দু, একটি সামান্য বদল করা হতে পারে কোনও কোনও শ্রেণির পাঠ্যসূচিতে। সুকান্তর কবিতাও এবার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয় কিনা, সেটাই দেখার। 

You might also like!