Breaking News

 

kolkata

2 years ago

Sandeshkhali Incident:গঙ্গাধরের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের,সন্দেশখালি 'স্টিং অপারেশন' নিয়ে অভিযোগ গঙ্গাধরের স্ত্রীর

Sandeshkhali Incident
Sandeshkhali Incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ নিয়ে তদন্ত কোন পথে, তা স্পষ্ট হল না রবিবার রাত পর্যন্ত। এ নিয়ে সিবিআইয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বসিরহাট জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই ভিডিয়ো নিয়ে সন্দেশখালি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, এর ফলে ভোটের মাঝে বেশ খানিকটা চাপেই বিজেপি। ড্যামেজ কন্ট্রোলে জন্য নানা দিক থেকেই নানা ধরনের তত্ত্ব তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। পালটা বিষয়টি নিয়ে রীতিমতো সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল নেতৃত্ব। এরই মাঝে এবার গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ।

ভিডিয়ো প্রকাশ্যে আসার পর গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীদের একাংশ। সন্দেশখালির মাঝেরপাড়ার বাসিন্দারা এদিন বিক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের একাংশের দাবি, বিজেপি নেতা গঙ্গাধরকে তাদের হাতে তুলে দিতে হবে। এমনকী তিনি (গঙ্গাধর কয়াল) বহিরাগত, আন্দোলনের সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলেও দাবি বাসিন্দাদের।

যদিও বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, 'এটা তৃণমূলের একটা চাল। গঙ্গাধর কয়াল ভারতীয় জনতা পার্টির সদস্য। ওরা (তৃণমূল) হেরে যাবে এই ভয়ে সব জায়গাতেই অত্যাচার করছে তৃণমূল। ওরা যে কোনও কিছুর বিনিময়ে ভারতীয় জনতা পার্টির ক্ষতি করার চেষ্টা করছে।' রেখা আরও বলেন, 'তৃণমূলের গুন্ডাদের অত্যাচার আমরা সহ্য করেছি। হয়ত ওঁর (গঙ্গাধর কয়াল) বাড়িতে বৌ-বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে মিথ্যে বলিয়েছে।'

পাশাপাশি ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে মুখ খুলেছেন গঙ্গাধর কয়ালের স্ত্রী বিমলা কয়ালও। তিনিও তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূলই ফাঁসানোর জন্য এই চক্রান্ত করেছেন বলে দাবি তাঁর। তবে ভাইরাল ভিডিয়োতে যে ঘর দেখা যাচ্ছে সেটি তাঁদের বলে স্বীকার করলেও, সেই সময় তিনি ছিলেন না বলেই দাবি গঙ্গাধরের স্ত্রীর।

গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, "বিজেপি 2000 টাকার বিনিময়ে মা-বোনেদের ইজ্জত বিক্রি করেছে ৷" পুলিশ প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আরজিও জানিয়েছেন তিনি ৷ পাল্টা এই ঘটনায় আই-প‍্যাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনেও নেমেছে গেরুয়া শিবির ৷ স্বভাবতই ভোট-বঙ্গে সন্দেশখালির স্টিং অপারেশন-কাণ্ডে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে ৷ ফলে, পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার ৷


You might also like!