kolkata

2 years ago

ICC WC 2023 : ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল!বৈঠক পিছিয়ে দিলেন তৃণমূল নেত্রী

Mamata Banerjee (File picture)
Mamata Banerjee (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি আগামী ১৬ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতা শহরে এই ম্যাচ নিয়ে যেমন উন্মাদনা থাকবে, তেমনই বাইরে থেকে বহু দর্শকদের আসার সম্ভাবনা শহরে। সবমিলিয়ে বেশ চাপ তৈরি হতে চলেছে। আর ক্রিকেটের নন্দনকাননে এই উন্মাদনা পরিস্থিতি আঁচ করেই ওই দিন ঘোষিত বৈঠক পিছিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দলের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ১৬ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূল নেত্রীর যে বৈঠকের কথা ছিল, তা ওইদিন হবে না। ১৬ নভেম্বরের বদলে ২৩ নভেম্বর হবে ওই বৈঠক। 

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিটতেই তৃণমূলের তরফে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী। ১০ তারিখ তা পর্যন্ত চলবে। তৃণমূল নেত্রীর নির্দেশে ব্লকে ব্লকে এই বিজয়া সম্মিলনী চলছে ছোট আয়োজনের মধ্যে। ‘বিজয়ার শুভেচ্ছা’র মাধ্যমে জনসংযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন নেত্রী। এই পর্ব মিটলে জেলা পরিষদের সদস্য তথা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ১৬ তারিখ সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। 

সূত্রের খবর, আগামী ১৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে রয়েছে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। সেই কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে দলের তরফে। ১৬ তারিখের বদলে ২৩ তারিখ হবে তৃণমূল সুপ্রিমোর ওই বৈঠক। তাতে যোগ দেবে বিভিন্ন জেলা নেতৃত্ব। থাকার কথা জেলা পরিষদের সদস্যদেরও। এই মুহূর্তে দলের যেমন রাজনৈতিক পরিস্থিতি, তার নিরিখে সংগঠনে কোনও বদল কিংবা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

You might also like!