
কলকাতা, ৮ অক্টোবর : পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।শনিবার কলকাতায় শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, “উত্তরবঙ্গের ব্যাপারে রাজ্য সরকার অসংবেদনশীল। সেই কারণেই উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যের দাবি তোলেন“। এর জেরে শুভেন্দুবাবুকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করার পাশাপাশি কুণাল বলেন, “ও একজন পাল্টিবাজ ছোকরা। এক সময় কার্নিভ্যালের সঙ্গে যুক্ত ছিল। এখন বিজেপিতে চলে গিয়েছে বলে এর বিরুদ্ধে কথা বলছে।”কুণাল বলেন, “জলপাইগুড়ির মাল বাজারে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। এই প্রসঙ্গে সরকারের তরফ থেকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। জলপাইগুড়ির কার্নিভ্যাল বন্ধ রাখার পাশাপাশি অন্যান্য সকল অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজিত করা হয়েছে। এক্ষেত্রে ওর মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”এদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ‘মানুষ ওদের পাশে নেই। তাই মুখ্যমন্ত্রীকে বার বার নিম্নরুচির ভাষায় আক্রমণ করছেন শুভেন্দুবাবু।’
