kolkata

2 years ago

Wearther forecast: বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে; কমবে অস্বস্তিও, উত্তরবঙ্গের আবহাওয়া এখন অনুকূল নয়

Rain will increase in South Bengal
Rain will increase in South Bengal

 

কলকাতা, ২ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলেছে শুক্রবার বিকেল থেকেই, বৃষ্টির সৌজন্যে একটু হলেও কমেছে গরম। দক্ষিণবঙ্গে আরও বদলে যেতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিনে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে উপকূলের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার উপকূলের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার বাড়বে বৃষ্টিপাতের দাপট।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি থাকলেও উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। তা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকেছে। এছাড়াও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সোমবারের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এছাড়াও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের পূর্বভাগে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের হাওয়া বদলেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

You might also like!