
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বরাবরই তারা সমাজে থেকেও সমাজের অংশ হবার জন্য লড়াই করতে হয়েছে তাদের, এবার সে কথা জানাতে চান মুখ্যমন্ত্রীকেও। রাজ্যের বহু পুজো উদ্যোক্তার ঘরে সরকারি অনুদান গেলেও তাঁরা পাননি কখনও। এমনকি, পুজো কার্নিভালে যোগ দেওয়ার ডাকও আসেনি। এমনই অভিযোগ তুলে বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্না দেওয়ার পরিকল্পনা করেছেন শহরের রূপান্তরকামীদের একাংশ।
সূত্রের খবর বুধবার বিকেল ৪টে নাগাদ রূপান্তরকামীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন রূপান্তরকামী সমাজকর্মী রঞ্জিতা সিংহ। প্রতিবাদ কর্মসূচি শুরুর আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। রঞ্জিতা বলেন, ‘‘আমরা কিন্তু সম্পূর্ণ নিজেদের চেষ্টায় পুজো করি। যেখানে নেতা-মন্ত্রীদের বড় বড় ক্লাব সরকারি অনুদান পায়, আমরা কখনও পাই না। অথচ আমাদের মতো সংখ্যালঘুদেরই তো সরকারি সাহায্য বেশি দরকার! যাদের অনেক অনেক টাকা আছে, তাদের কেন আরও টাকা দেয় সরকার? সরকারি অনুদান ছাড়াও তাঁদের পুজো দিব্যি হবে।’’
