
ঢাকা, ১২ জুলাই : ভারী বৃষ্টিপাতে জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার ঢাকার অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও জলের উচ্চতা ৩ থেকে ৪ ফুট পর্যন্ত পৌঁছেছে। অনেক মানুষ রাস্তায় আটকে পড়েছেন এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ঢাকা-সহ দেশের ছয়টি বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে, অন্যত্র হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি। রবিবার এমন পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।
