
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গরম পড়লেই ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার বাড়ে, কিন্তু চোখের যত্নও সমান জরুরি। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রোদ চোখে মারাত্মক প্রভাব ফেলতে পারে—বাড়তে পারে ছানি হওয়ার ঝুঁকি, এমনকি রেটিনার ক্ষতি-র সম্ভাবনাও তৈরি হয়।
তাই গরমে চোখ ভালো রাখতে কয়েকটি বিষয় মানা জরুরি। রোদে বেরোনোর সময় সানগ্লাস ব্যবহার করা উচিত, যাতে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা পায়। পাশাপাশি পর্যাপ্ত জল পান করা, চোখে বারবার ঠান্ডা জল দেওয়া এবং ধুলোবালি এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ। নিয়ম মেনে চললে গরমের মধ্যেও চোখ সুস্থ রাখা সম্ভব।
১. গরমের সময় ডিহাইড্রেশনের সমস্যায় ভোগেন অনেকেই। শরীরে জলাভাবের কারণে বেড়ে যায় ড্রাই আইজ়ের সমস্যাও। এই সমস্যা থেকে রেহাই পেতে হলে গরমে জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। গরম পড়লেই সারা ক্ষণ এসিতে থাকেন অনেকেই। এসির কারণেও ড্রাই আইজ়ের সমস্যা বেড়ে যায়। চোখ অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে চোখে খচখচ করা, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই গরমে কোনও ভাবেই শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। চোখ যদি খুব বেশি শুকিয়ে যায়, তা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আই ড্রপ ব্যবহার করুন। রোদ থেকে ফিরে চোখে খানিক ক্ষণ ঠান্ডা জলের ঝাপটা দিতে পারেন। তবে সারা দিন বার বার চোখে জলের ঝাপটা দেবেন না। এই অভ্যাসে চোখ আরও বেশি শুকিয়ে গিয়ে সমস্যা বাড়তে পারে।

২. রোদচশমায় চোখ ঢাকা শুধু ফ্যাশন নয়, এই গরমে তা প্রয়োজনীয়ও বটে। তবে যে কোনও রোদচশমা ব্যবহার করলেই চলবে না। ইউভিএ (অতিবেগনি রশ্মি এ) এবং ইউভিবি (অতিবেগনি রশ্মি বি) দুই ধরনের রশ্মির হাত থেকেই চোখকে সুরক্ষিত রাখবে, এমন রোদচশমা ব্যবহার করাই শ্রেয়। রাস্তা থেকে অল্পদামি রংচঙে সানগ্লাসগুলি চোখকে সুরক্ষা দিতে পারে না, তাই সতর্ক থাকুন। কেউ কনট্যাক্ট পরলে সেই লেন্সটি যদি ইউভি রশ্মির হাত থেকে সুরক্ষা প্রদান করে, সে ক্ষেত্রেও রোদচশমা পরতে হবে। রোদচশমা ব্যবহার করলে তবেই পুরো চোখটি কড়া রোদের হাত থেকে রক্ষা পাবে।
৩. সুইমিং পুলের জল থেকেও চোখের সংক্রমণ হতে পারে। সুইমিং পুলের জলের অতিরিক্ত ক্লোরিনের কারণে সমস্যা হতে পারে। ক্লোরিনের কারণে চোখে চুলকানি, জ্বালাভাব এমন কনজাঙ্কটিভাইটিসের ঝুঁকিও তৈরি হয়। গরমের দিনে পুলের ব্যবহার খুব বেশি হয়, সে ক্ষেত্রে জলে নামার আগে অবশ্যই সুইমিং গগল্স পরে নামার পরামর্শ দেন চিকিৎসকেরা।
