
কলকাতা, ১১ ফেব্রুয়ারি : পারদ চড়তেই শীতের আমেজ ফের উধাও হয়ে গেল, একইসঙ্গে তিলোত্তমায় তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে। ভোরের দিকে সামান্য ঠান্ডা থাকলেও, বেলা বাড়তেই সেই শীত কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। উল্টে উত্তাপ বাড়ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদের ওঠানামা অব্যাহত রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ১৪ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পারদের এই ওঠানামা চলবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে একেবারে কমতে পারে উত্তুরে হাওয়া দাপট, বাড়বে তাপমাত্রা। রবিবার থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।
