Entertainment

56 minutes ago

Celebrity Travel Buzz: জ্বালানি সঙ্কটের আশঙ্কা, সংযমের বার্তা মোদির! ট্রেন সফরে ভরসা রাখছেন একাধিক তারকা

Celebs On Train Travel Trend
Celebs On Train Travel Trend

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পশ্চিম এশিয়ায় ক্রমশ জটিল হয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারেও। আন্তর্জাতিক মহলে বাড়ছে তেলের দাম ও সরবরাহ অনিশ্চয়তার আশঙ্কা। সেই আবহেই দেশবাসীর উদ্দেশে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং বিকল্প গণপরিবহণ ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর এই বার্তার পরই নতুন করে আলোচনায় উঠে এসেছে তারকাদের ট্রেন সফরের অভ্যাস। বহু সেলেবই দীর্ঘদিন ধরে বিমান বা বিলাসবহুল গাড়ির বদলে ট্রেন ভ্রমণকে গুরুত্ব দিয়ে আসছেন। কেউ সময় বাঁচাতে, কেউ আবার পরিবেশের কথা মাথায় রেখেই ট্রেনকে বেছে নিয়েছেন যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে।

* রাধিকা মদন। বলিউডের 'হিন্দি মিডিয়াম' গার্ল বরাবরই সহজ-সরল জীবনযাপনে অভ্যস্ত। তাই অভিনেত্রী নাকি মাঝেমধ্যেই বিমান ছেড়ে ট্রেন সফর করেন। সম্প্রতি সুরাট থেকে মুম্বই যাওয়ার পথে 'বন্দে ভারত' ট্রেন থেকে নামার সময়ে বলিউড নায়িকাকে ক্যামেরাবন্দি করে প্রত্যক্ষদর্শীরা। বোরিভালি স্টেশনে থেকে রাধিকার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।

* প্রধানমন্ত্রীর আবেদনে মান্যতা দিয়ে ট্রেনে চেপেই সম্প্রতি দূরপাল্লার সফরে গিয়েছিলেন অনুপম খের। জয়পুর থেকে দিল্লিগামী বন্দে ভারতে বসে তাঁকে বলতে শোনা যায়, "মোদির জ্বালানি সাশ্রয় মিশনে দেশের জন্য আমার এক ক্ষুদ্র প্রয়াস। দৈনন্দিন জীবনে এহেন ছোট ছোট পরিবর্তন এনেই দেশের কল্যাণসাধনে আমাদের প্রত্যেকের অবদান রাখা উচিত। আমার মতে, মোদিজি একদম সঠিক কথা বলেছেন।

* নেহা ধুপিয়া। বলিউডে 'রাফ অ্যান্ড টাফ' বলেই পরিচিত অভিনেত্রী। একবার এমটিভি রোজিজ-এর আউটডোরে শুটে যাওয়ার সময়ে একাই 'বন্দে ভারত' চড়ে গন্তব্যে পৌঁছেছিলেন বলে জানা যায়। তবে সেটা মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তা দেওয়ার বহু আগের কথা।

* গত রবিবারই 'অ্যাকাডেমি অফ ফাইনার্স'-এর স্ক্রিনিংয়ে পৌঁছতে ব্যক্তিগত গাড়ি ছেড়ে মেট্রো চড়ে রবীন্দ্র সদনে পৌঁছন রুদ্রনীল ঘোষ। নন্দনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজেই জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তা ছড়িয়ে দিতেই তাঁর এই প্রয়াস। অতঃপর মাঝেমধ্যেই যে জনপ্রতিনিধিকে মেট্রোয় দেখা যেতে পারে, তেমন ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন।

* সুজিত সরকার, প্রথম কোনও ভারতীয় পরিচালক 'বন্দে ভারত' ট্রেনে শুটিং করার জন্য রেল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন বলে জানা যায়। চলতি বছরের জানুয়ারি মাসের কথা। যদিও সেই শুটিং সংক্রান্ত বিস্তারিত তথ্য তিনি প্রকাশ্যে আনেননি।

* সম্প্রতি 'নো ভেহিকেলস ডে'-তে প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে দলের কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক কিলোমিটার সাইকেল চালান গোরক্ষপুরের তারকা সাংসদ রবি কিষাণ।

* তবে এই তালিকার মধ্যে এষা দেওল সম্ভবত সবথেকে আগে 'বন্দে ভারত' চড়ে ট্রেনসফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। বছর খানেক আগের কথা। ট্রেন সফরের নানা রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে এষা জানিয়েছিলেন, "অনেক দিন পর আবার ট্রেনে চড়ছি। আমরা এখন 'বন্দে ভারত'-এ।"

* সম্প্রতি মেট্রো করে গ্লোব সিনেমা হলে ছবি দেখতে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী ফেসবুকে জানান, "কত মজা হয়েছিল সেদিন। গ্লোবের গলিতে মায়ের ফেভারিট দই বড়ার দোকান ছিল, সেদিন দেখলাম অবিকল একই আছে। স্টিলের প্লেট চামচগুলো পর্যন্ত। শুধু কালের নিয়মে দাম বেড়েছে। উলটোদিকে নিত্যনতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে হাজির হকাররা। সেদিন এসপ্লানেড যাওয়ার মেট্রোটা আসার আগে টুক করে কটা ছবি তুলে নিলাম। কপাল জোরে ফাঁকা প্লাটফর্ম পেয়ে গেছিলাম।"

* সম্প্রতি প্রবীণ অভিনেতা তথা রাজনীতিবিদ সুরেশ গোপীকে এর্নাকুলাম-বেঙ্গালুরু 'বন্দে ভারত এক্সপ্রেস'-এ যাতায়াত করতে দেখা গিয়েছে। এই ট্রেনটি সম্প্রতি চালু হয়েছে। ট্রেন সফর করাকালীন শিশুদের মধ্যে চকলেট বিতরণ করতে দেখা গিয়েছে।

যুদ্ধ পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়। তবে কেন্দ্রের বার্তা স্পষ্ট—সচেতন ব্যবহারই এখন সবচেয়ে বড় দায়িত্ব।


You might also like!