
হুগলি, ২১ মে : পুড়শুড়া বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল অভিনন্দন যাত্রা। বৃহস্পতিবার পুড়শুড়া বিধানসভার অন্তর্গত হরিণখোলা এলাকা থেকে মায়াপুর পর্যন্ত এই অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রায় অংশ নেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ-সহ দলের বহু নেতা ও কর্মী-সমর্থক। দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের নেতৃত্ব। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ এই যাত্রাকে স্বাগত জানান বলে দলীয় সূত্রে দাবি।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিমান ঘোষ দলীয় কর্মীদের প্রতি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়েই বিজেপি জনস্বার্থে কাজ করে চলবে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও বিভিন্ন এলাকায় এ ধরনের জনসংযোগমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
