
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে একের পর এক সফল ছবির পর এবার আঞ্চলিক চলচ্চিত্রের দুনিয়ায় আরও এক বড় পদক্ষেপ নিল করণ জোহর-এর ধর্মা প্রোডাকশন। প্রথমবারের মতো গুজরাটি সিনেমার সঙ্গে যুক্ত হতে চলেছে এই জনপ্রিয় প্রযোজনা সংস্থা। নতুন ছবির নাম ‘জিন্দেগি ওয়ান্স মোর’, যা মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ জুন। জানা গিয়েছে, ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ রান্দেরিয়া। ছবিটি প্রযোজনা করছে বার্তাকার ফিল্মস এবং পরিবেশনার দায়িত্বে রয়েছে ধর্মা প্রোডাকশন। প্রযোজক হিসেবে রয়েছেন বাসু ঢোলাকিয়া, আর পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন জয়মিন।
বাবা ও সন্তানের সম্পর্কের আবেগঘন গল্প নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা। ছবির মূল ভাবনায় উঠে আসবে এমন এক অনুভূতি, যেখানে সন্তানেরা কখনও বুঝতেই পারে না, বাবা তাঁদের জন্মের আগে কেমন মানুষ ছিলেন। ফাদার্স ডে-র আবহের ঠিক আগেই মুক্তি পাওয়ায় ছবিটি যে পারিবারিক আবেগকে কেন্দ্র করেই দর্শকের মন ছুঁতে চাইছে, তা স্পষ্ট। এই ছবির চিত্রনাট্য লিখেছেন দীপ ঢোলাকিয়া। শুধু লেখাই নয়, অভিনয়ের মাধ্যমেও এই সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ফলে ছবিটি একাধিক নবাগত শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে।

ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা জানিয়েছেন, ভাষার গণ্ডি পেরিয়ে ভালো গল্পের সঙ্গে যুক্ত হওয়াই তাঁদের মূল লক্ষ্য। তাঁর কথায়, গুজরাটি সিনেমার এই গল্প শোনার পরই ধর্মা প্রোডাকশন ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে প্রযোজক বাসু ঢোলাকিয়ার মতে, ধর্মা প্রোডাকশনের মতো বড় ব্যানারের সঙ্গে কাজ করা গুজরাটি চলচ্চিত্র শিল্পের জন্য বড় স্বীকৃতি। নতুন প্রজন্মের নির্মাতাদের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা আরও বড় সাফল্যের লক্ষ্যেই এগোতে চান।বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থার এই উদ্যোগে গুজরাটি সিনেমার বাজারে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেই মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।
