kolkata

1 hour ago

West Bengal Assembly Election: ভোটের দিনেই কালীঘাটে হাই অ্যালার্ট—ওয়াররুমে বসে পরিস্থিতি খতিয়ে দেখছেন মমতা-অভিষেক

Mamata and Abhishek are keeping a close watch on the voting situation throughout the day.
Mamata and Abhishek are keeping a close watch on the voting situation throughout the day.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ছাব্বিশের West Bengal Assembly Election 2026-এর প্রথম দফাতেই ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। সন্ধে ৬টা পর্যন্ত চলবে এই গুরুত্বপূর্ণ পর্ব। আপাতত শান্তিপূর্ণ ভোটের ছবি সামনে এলেও, পর্দার আড়ালে চলছে কড়া রাজনৈতিক নজরদারি।শাসক শিবির কোনও ঝুঁকি নিতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়—দু’জনেই সকাল থেকে কালীঘাটের ‘ওয়াররুমে’ বসে জেলার পর জেলার রিপোর্ট খতিয়ে দেখছেন। কোথাও সামান্য অস্বাভাবিকতা ধরা পড়লেই সঙ্গে সঙ্গে সক্রিয় হচ্ছে দলীয় মেশিনারি।ভোটের মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা, তেমনই ‘কন্ট্রোল রুম’-এ বসে কৌশল নির্ধারণ—এই দ্বিমুখী লড়াইয়ে তৃণমূল যে একচুলও ঢিল দিচ্ছে না, তা স্পষ্ট। প্রশ্ন একটাই—এই কড়া নজরদারি কি শুধুই সংগঠন শক্তি ধরে রাখার কৌশল, নাকি এর আড়ালে লুকিয়ে আরও বড় রাজনৈতিক হিসাব?

নির্বাচনী প্রচারে টানা একমাস জেলায় জেলায় সফর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফা ভোটের দিন তাঁরা তেমন কোনও কর্মসূচি রাখেননি। বিকেলের পর দলনেত্রী চৌরঙ্গীতে এবং অভিষেক মেটিয়াবুরুজে দলীয় বৈঠক করবেন বলে খবর। তবে সকাল থেকে দু’জনই সক্রিয়। ভোটের প্রথম দিন কালীঘাটে রীতিমতো ‘ওয়াররুম’ গড়ে ১৬ জেলার ভোট পরিস্থিতির দিকে নজর রাখছেন তাঁরা। প্রতিবারই অবশ্য ভোটের সময় নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা খবরাখবর রাখেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার আরও নিবিড় নজরদারি চলছে।

তবে ছাব্বিশের ভোটে শাসক শিবির আরও সচেতন। ভোটের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনসভা থেকে সতর্ক করে বলেছেন, ”ওরা (বিজেপি) ইভিএমে কারচুপি করে রেখেছে বলে শুনতে পাচ্ছি। আমি বলছি, ভালো করে শুনে রাখুন, ইভিএমে বোতাম টেপার সমস্যা এতটুকুও সমস্যা হলে সেই মেশিন বদলে দিতে বলুন। ত্রুটিপূর্ণ ইভিএমে ভোট দেবেন না। এভাবেই কিন্তু ওরা ছাপ্পা ভোটের পরিকল্পনা করে রেখেছে।” প্রথম দফা ভোটে সেই আশঙ্কা থেকেই বাড়তি সতর্কতা তাঁর। জেলা নেতৃত্বের কাছে খোঁজখবর নিচ্ছেন যে ভোট ঠিকমতো চলছে কিনা। কোথাও কোথাও ইভিএম বিভ্রাট হয়েছে সকাল থেকে। সেখানে প্রয়োজনমতো জেলা তৃণমূল নেতৃত্বের কাছে পৌঁছে যাচ্ছে তাঁর নির্দেশ। সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সারাদিনের রিপোর্ট দেখে মমতা-অভিষেক নিজেদের কর্মসূচিতে যোগ দেবেন।

You might also like!