West Bengal

2 hours ago

WB Election News 2026::ইভিএম বিভ্রাটে ভোটে অচলাবস্থা! রোদে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন অধীর

Adhir
Adhir

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রথম দফার ভোটগ্রহণের দিনে ইভিএম (EVM) বিভ্রাট নিয়ে চরম ক্ষোভ উগরে দিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সাতসকাল থেকেই বহরমপুরের একাধিক বুথে ইভিএম বিভ্রাটের জেরে ভোটদান ব্যাহত হওয়ার খবর আসতে থাকে। বিশেষ করে একটি বুথে চার-চারবার ইভিএম মেশিন বদলে ফেলার পরেও কাজ না হওয়ায় নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দেন বর্ষীয়ান নেতা।

সংবাদসংস্থা এএনআই (ANI)-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, অধীর চৌধুরী বুথের সামনে দাঁড়িয়েই ফোনের ওপারে থাকা নির্বাচন কমিশনের এক আধিকারিককে কড়া ভাষায় বর্তমান পরিস্থিতি বোঝাচ্ছেন। তিনি বলেন, "১৪১ নম্বর বুথের ইভিএম সকাল থেকেই কাজ করছে না। প্রচণ্ড গরমের মধ্যে মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব আপনাদের।"

অধীর চৌধুরী ফোনে আরও অভিযোগ করেন যে, খোদ প্রিসাইডিং অফিসার তাঁকে জানিয়েছেন যে তাঁরা চরম অসহায় বোধ করছেন। কংগ্রেস প্রার্থীর দাবি, "এখানকার ইভিএম ইতিমধ্য়েই চারবার পাল্টানো হয়েছে, তবুও নতুন মেশিনটি চলছে না। এটা কীভাবে সম্ভব? আপনার হস্তক্ষেপ এখনই প্রয়োজন।" বারবার মেশিন খারাপ হওয়ার ফলে ভোটারদের মনে সংশয় তৈরি হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মুর্শিদাবাদের প্রখর দাবদাহের মধ্যে বুথের বাইরে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। অধীর বাবুর অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ইভিএম সচল না হওয়ায় সাধারণ মানুষ ভোট না দিয়েই ফিরতে বাধ্য হচ্ছেন। এই যান্ত্রিক বিভ্রাটকে কেন্দ্র করে বহরমপুরের বিভিন্ন বুথে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

You might also like!