
বার্সিলোনা, ২৩ এপ্রিল : বুধবার রাতে নিজেদের মাঠে সেলতা ভিগোকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা বার্সিলোনা আবারও ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদের থেকে। ম্যাচের ৩৯ মিনিটে বক্সে ফাউলের শিকার হন ইয়ামাল। তিনি নিজেই স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু এরপরই অস্বস্তি অনুভব করেন তিনি। মাঠে চিকিৎসার পরও আর খেলতে পারেননি, সরাসরি মাঠ ছেড়ে চলে যান। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ইয়ামাল। সামনে এল ক্লাসিকো। সুতরাং একটা বড় ধাক্কা হতে পারে বার্সার জন্য। এই জয়ে ৩২ ম্যাচে ২৭ জয় ও ১ ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট এখন ৮২। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। আর ৪৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে সেলতা ভিগো।
