
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুদানের গৃহ যুদ্ধে ভারত, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ আটকে পড়েছেন। প্রবল সঙ্কটের মধ্যে তাদের দিন কাটছে। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ দপ্তরের উদ্যোগে দেশের মাটিতে ফিরলো অনেকেই।
বুধবার সুদানে আটকে পড়া আরও ২৩১ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হল। তাঁদের ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে সৌদি আরবের জেড্ডা থেকে মুম্বই নিয়ে আসা হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই নিয়ে মোট ৩০০০ ভারতীয়কে যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরিয়ে আনা হল। অন্তত ৩৫০০ জন ভারতীয় এবং ১০০০ জন ভারতীয় বংশোদ্ভূত আটকে ছিলেন সুদানে। দিন পাঁচেক আগেই একথা জানিয়েছিলেন বিদেশ সচিব বিনয় কোয়াত্রা। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছিলেন, গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদানের পরিস্থিতির উপরে প্রতিনিয়ত নজর রাখছে ভারত সরকার। ভারত সরকারের পক্ষ থেকে প্রথমেই সুদানকে জানিয়ে দেওয়া হয় যে কোনো ভারতীয়দের যেন কোনো ক্ষতি না হয়।
এখন পর্যন্ত ভারতীয় বিমান সুদানে নেমেছে বেশ কয়েকবার। ভারতের পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা যাচ্ছে,সুদান থেকে দেশে ফেরা ভারতীয়দের নিয়ে বিমান বাহিনীর ১২ তম উড়ান। বুধবার যাতে মুম্বইয়ে এলেন ২৩১ জন। দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বুধবার টুইট করে সুদান থেকে ভারতে ফেরা ২৩১ জন দেশবাসীর প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই নিয়ে বারোতম উড়ান নির্বিঘ্নে জেড্ডা থেকে রওয়ানা হয়ে ভারতে আসল। এই উদ্ধারকাজকে ভারত সরকার নাম দিয়েছে অপারেশন কাবেরী। উদ্ধার অভিযানে আটকে পড়া ভারতীয়দের প্রথমে বাসে পোর্ট সুদানে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে নৌবাহিনীর জাহাজ অথবা বিমান বাহিনীর বিশেষ উড়ানে আনা হচ্ছে জেড্ডায়। এরপর জেড্ডা থেকে বিমান বাহিনীর উড়ানে তাঁদের দেশে ফেরানো হচ্ছে। ভারতে ফিরতে পেরে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
