International

2 years ago

Imran Khan: তোষাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন ইমরানের

Imran khan
Imran khan

 

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তোষাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন। মঙ্গলবার তার আইনজীবী নাঈম পানজুথা এ কথা জানান। আইনজীবী বলেন, একটি পিটিশন ইসলামাবাদ হাইকোর্টে দাখিল করা হয়েছে।  এই মামলার শুনানি হবে।

তোষাখানা মামলার রায়ে ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেন ইসলামাবাদের জেলা বিচারিক আদালত। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগ আনা হয়। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

গেল বছর অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে রয়েছেন ইমরান খান। এতে অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত পারমাণবিক শক্তিধর পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গেল শনিবার ইমরান খানকে তাঁর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে রাজধানী ইসলামাদের কাছে একটি কারাগারে রাখা হয়েছে।

টুইটারে আইনজীবী পানজুথার পোস্ট করা পিটিশনের কপিতে দেখা যায়, জেলা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়ায় ‘সংক্ষুব্ধ ও অসন্তুষ্ট’ ইমরান উচ্চ আদালত বরাবর ওই রায় ‘অবৈধ ঘোষণার’ আবেদন করেছেন।

You might also like!