International

2 years ago

International news :ব্রাজিল, ভারত, মেক্সিকোর অধিকারকর্মীরা সবচেয়ে বিপদে রয়েছেন

Protests in India demanding environmental protection
Protests in India demanding environmental protection

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রাজিল, ভারত, মেক্সিকো—মানবাধিকারকর্মী ও শ্রম অধিকারকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় জায়গা পেয়েছে। বলা হয়েছে, এসব দেশের অধিকারকর্মীরা প্রায়ই বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে গিয়ে করপোরেট প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র-সমর্থিত সহিংসতার শিকার হন।

যুক্তরাজ্যভিত্তিক বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার গতকাল বুধবার এ–সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০২২ সালজুড়ে বিভিন্ন দেশে অধিকারকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ব্রাজিলে এমন ৬৩টি হামলার ঘটনা জানা গেছে। ভারত ও মেক্সিকোয় হামলার ঘটনা জানা গেছে যথাক্রমে ৫৪টি ও ৪৪টি।

এ ছাড়া গত বছর কম্বোডিয়ায় অধিকারকর্মীদের ওপর ৪০টি হামলার ঘটনার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি। ফিলিপাইনে এমন হামলার ঘটনা ঘটেছে ৩২টি, হন্ডুরাসে ৩১টি। বেলারুশ, পেরু, কলম্বিয়া ও উগান্ডায় বছরজুড়ে ১৭ থেকে ২৮টি করে এমন হামলার ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে সংঘটিত ৫৫০টির বেশি হামলার ৭৫ শতাংশ ঘটেছে ভূমি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় আন্দোলন করতে গিয়ে। আর পাঁচ ভাগের একভাগ হামলার ঘটনা ঘটেছে আদিবাসী অধিকারকর্মীদের ওপর।

খাত হিসেবে, খনিজ উত্তোলন শিল্প সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। সংস্থাটি প্রতিবেদনে জানিয়েছে, গত বছর সংঘটিত হামলাগুলোর মধ্যে ১৬৫টি বা প্রায় ৩০ শতাংশ ঘটেছে এ শিল্প-সংশ্লিষ্ট অধিকারকর্মীদের ওপর। তবে অধিকারকর্মীদের ওপর পরিচালিত এসব হামলার পেছনে মূল অপরাধীদের শনাক্ত করা কঠিন।

অনেক সময় অধিকারকর্মীদের ওপর এমন হামলার পেছনে করপোরেট প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা পাওয়া যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের ইস্পাত উৎপাদনকারী খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএসডব্লিউ–এর নাম উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ওডিশায় একটি ইস্পাত উৎপাদনের প্ল্যান্ট বানাতে চায় কোম্পানিটি। তবে ২০১৮ সাল থেকে স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে কাজ এগোতে পারেনি।

বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা পায় ২০০২ সালে। ২০১৫ সালের পর থেকে সংস্থাটি বিশ্বে অধিকারকর্মীদের ওপর ৪ হাজার ৭০০টি হামলার ঘটনা লিপিবদ্ধ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব হামলার ঘটনার পেছনে ১০ হাজারের বেশি কোম্পানির সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রোগ্রাম) ক্রিস্টেন দোবসন বলেন, অধিকারকর্মীদের ওপর হামলার এসব ঘটনা প্রমাণ করে যে দেশগুলোর সরকার মানবাধিকার রক্ষায় তাঁদের দায়িত্ব পালনে সফলতার পরিচয় দিতে পারছে না।

You might also like!