
মস্কো : রাশিয়ার একটি গ্যাস স্টেশনে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। আহত হয়েছেন কমপক্ষে ১০২ জন। গভীর রাতে শহরের মাখাছকলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ৩টে শিশুও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে, হাইওয়ের পাশে একটি অটো সারাইয়ের দোকান থেকে আগুনটি শুরু হয়ে পাশের গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। এতে গ্যাস স্টেশনটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ জানিয়েছেন, আগুন এতটাই মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল যে দমকল কর্মীদের প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে তা নিয়ন্ত্রণে আনতে। মেলিকভ আরও জানান, আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, আটটি জ্বালানি ট্যাঙ্কের মধ্যে দুটির বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৭০ জনেরও বেশি লোক নিযুক্ত ছিল। দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কা থাকায় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নেন।
