
জাকার্তা, ২৪ জুলাই : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ফেরি ডুবে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। এছাড়াও খোঁজ নেই অন্ততপক্ষে ১৯ জনের। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার মধ্যরাতে সুলাওয়েসি দ্বীপের কেন্ডারি শহরে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সোমবার ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান চলছে।
৬ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। কেন্ডারি শহরের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে জানান, দু'টি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে জলের নিচে নিখোঁজদের সন্ধান করছে। দ্বিতীয় দলটি রাবারবোট ও লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে জলের ওপরে অভিযান পরিচালনা করছে।
