
কোয়েটা, ৬ মার্চ : পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ পুলিশকর্মী নিহত হয়েছে। সোমবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশকে বহনকারী একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলা চালালে অন্তত আরও ১৫ জন আহত হন । আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে ।
কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে আত্মঘাতী হামলাকারী মোটরবাইকে করে এসে ট্রাকের পেছন দিকে আঘাত করে।
এই পুলিশ কর্মকর্তার মতে, বেলুচিস্তানের সিবি ও কাছি সীমান্তে অবস্থিত বোলান এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ির সম্পূর্ণ উল্টে যায়। বিস্ফোরণের শব্দ এতটাই জোরে ছিল যে কয়েক কিলোমিটার দূরেও শোনা গেছে।
বিস্ফোরণে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৫ জন পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, বেলুচিস্তান পুলিশ কর্মীরা দায়িত্ব থেকে ফিরছিলেন। এসময় আত্মঘাতী হামলাকারী পুলিশের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। সিনিয়র পুলিশ কর্মকর্তা নোতজাই বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।তিনি আরও বলেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ হয়ে উঠেছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের মতো সংগঠনগুলো এ ধরনের হামলার দায় স্বীকার করে আসছে। তারা বলছেন, পাকিস্তান সরকার বেলুচদের সঙ্গে সৎ মায়ের আচরণ করছে।
