
কলকাতা, ১৫ ডিসেম্বর : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ছিলেন শাহরুখ খান। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম। এদিন মঞ্চে শাহরুখ খান কী বলেন সেই দিকেই ছিলো সকলের নজর।
বলতে উঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, ‘আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি (মুখোপাধ্যায়) এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ।’
এর পরেই খসরা দেখেই ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বললেন, ‘সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি’। বক্তব্য শেষ করলেন ছবির উক্তি দিয়েই। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে শাহরুখ মনে করিয়ে দেন, কলকাতার মতো উষ্ণ অভ্যর্থনা হয়তো খুব কম জায়গাতেই পাওয়া যায়। শাহরুখের বক্তব্যে উঠে আসে সিনেমার বিস্তৃতির কথাও। একই সঙ্গে সিনেমার হাত ধরে এক হওয়ার বার্তাও দিলেন কিং খান।
