
কলকাতা, ১০ ডিসেম্বর : শুধু উদ্বোধনই নয়, এবছরের অর্থাৎ ২৮-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতে চলেছে অমিতাভময়।এই বছর ফের এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির থাকবেন অমিতাভ বচ্চন, সঙ্গে থাকছেন জয়া বচ্চনও। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অমিতাভ জয়া অভিনীত হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘অভিমান’। এছাড়াও গোটা চলচ্চিত্র উৎসব জুড়ে গগনেন্দ্র প্রদর্শনশালা ও নজরুল তীর্থে চলবে অমিতাভ বচ্চনকে নিয়ে বিশেষ প্রদর্শনী। অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভে প্রদর্শিত হবে মেগাস্টারের ৯টি ছবি। বিগত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন অমিতাভ বচ্চন। যদিও করোনার কারণে গত দুবার হাজির থাকতে পারেননি তিনি।
এবার আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আটদিন ব্যাপী চলবে এই উৎসব। ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবছর উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির থাকবেন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস। বিশেষ অতিথির তালিকায় অমিতাভ জয়া ছাড়াও থাকছেন শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়, কুমার শানু ও অরিজিৎ সিং।
এই প্রথম একই বছরে দুবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ২৫ এপ্রিল থেকে ১ মে অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
