Entertainment

1 hour ago

Political Storm in Tollywood: রাজনৈতিক পালাবদলের আঁচ টলিউডে, ইম্পাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে

EIMPA President Piya Sengupta
EIMPA President Piya Sengupta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের রাজনৈতিক পালাবদলের প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে টলিউডের অন্দরমহলেও। বাংলায় প্রথমবার বিজেপির সরকার গঠনের আবহে চরম উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন বা ইম্পা। গত কয়েকদিন ধরেই সংগঠনের ভিতরে চলা দ্বন্দ্ব বুধবার আরও বিস্ফোরক আকার নেয়।

বুধবার ইম্পার অফিস চত্বরে সভাপতি পিয়া সেনগুপ্ত-র অপসারণের দাবিতে ফের বিক্ষোভ দেখান একাংশ সদস্য। অভিযোগ, বর্তমান ইসি কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয় এবং জোর করে পদে থেকে গিয়েছে। বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকী অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা যায়। পরিস্থিতি সামাল দিতে বউবাজার থানার পুলিশ মোতায়েন করা হয়। পরে এলাকায় পৌঁছয় সিআরপিএফও। আদালতের নির্দেশ মেনেই ইম্পা চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। এর আগেই মঙ্গলবার ইম্পার অফিসে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’-এর কর্মসূচি পালন করেন বিজেপি সমর্থক কয়েকজন সদস্য। পাশাপাশি গেরুয়া আবির খেলতেও দেখা যায় তাঁদের। এই ঘটনাকে কেন্দ্র করে টলিপাড়ায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। অনেকেই মনে করছেন, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব এবার চলচ্চিত্র জগতেও পড়তে শুরু করেছে।

বিক্ষুব্ধ সদস্যদের অন্যতম মুখ শতদীপ সাহা জানান, “আমরা দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি যে, ৮ তারিখ শুক্রবার দুপুরে আমরা দু’পক্ষ আবার মিটিংয়ে বসব। আমাদের দাবি নিয়ে আলোচনা হবে।” বিক্ষুব্ধ সদস্যদের তরফে বারবার অভিযোগ করা হয়েছে যে এই ইসি কমিটি নির্বাচিত নয়। তাঁরা গা-জোয়ারি করে পদ দখল করে রেখেছেন। এর পাল্টা পিয়া সেনগুপ্ত বলেন, “আমাদের কাছে সব প্রমাণ রয়েছে। কোর্টের নজরদারিতে আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনও মিথ্যে অভিযোগ করলে তার সপক্ষে প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া কোনও কিছু গ্রাহ্য হবে না।” এদিকে ইম্পার প্রযোজক বিভাগের চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য জানান, “আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, ইমপার নিয়মে বদল হবে। প্রত্যেক প্রযোজক স্বাধীন। ছবি তৈরির ক্ষেত্রে বাজেটের লক্ষ্যমাত্রার বাধা তুলে দেওয়া হল। সবাই নিজেদের বাজেটে ছবি করতে পারবেন।”

শুধু ইম্পা নয়, বুধবার রাতে টেকনিশিয়ানদের সংগঠন ঘিরেও উত্তেজনার খবর সামনে আসে। সূত্রের দাবি, বিজেপি সমর্থক কয়েকজন টেকনিশিয়ান শুটিং চলাকালীন ফেডারেশনের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে অফিস বন্ধ করে দেওয়া হয়। সব মিলিয়ে রাজনৈতিক পালাবদলের আবহে টলিউডের সংগঠনগুলিতে যে অস্থিরতা ক্রমশ বাড়ছে, তা নিয়ে এখন উদ্বিগ্ন শিল্পমহলের একাংশ।


You might also like!