
ইন্দোর, ১৬ অক্টোবর : প্রয়াত 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়' খ্যাত অভিনেত্রী বৈশালী টক্কর। রবিবার তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গত এক বছর ধরে ইন্দোরের বাড়িতে থাকছিলেন ৩০ বছরের এই অভিনেত্রী।
জানা গিয়েছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় এদিন সকালে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে তেজাজি নগর থানার পুলিশ। তদন্তকারীরা এখনই এই ঘটনা নিয়ে বিশদে কিছু জানাতে নারাজ। তবে ঘটনাস্থল থেকে নাকি একটি সুইসাইড নোট মিলেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, প্রেমঘটিত কারণেই আত্মঘাতী হয়েছেন দাপুটে টেলি নায়িকা।
কেনিয়া নিবাসী ডেন্টাল সার্জেন অভিনন্দন সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল বৈশালীর । ২০২১ সালের এপ্রিল মাসে আংটি বদল হয়ে গিয়েছিল তাঁদের। অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছিলেন, "যে তোমার, সে তোমারই থাকবে। বিশ্বের অপর প্রান্তে থাকলেও সে তোমায় খুঁজে নেবে। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই ডা. অভিনন্দন সিং ওরফে মাই মিস্টার আফ্রিকার। এই অসাধারণ মানুষটির সঙ্গে আংটি বদল হয়েছে আমার।" কিন্তু, ঠিক এক মাস আগে বিয়ে ভেঙে যায় বৈশালী এবং অভিনন্দনের। সেই সময় নিজের রোকার ভিডিয়ো সোশাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছিলেন বৈশালী। এরপর অভিনন্দন সম্পর্কে আর কোনও পোস্ট দেননি তিনি। নেটিজেনদের একাংশের দাবি ছিল, অভিনন্দন এবং তাঁর সম্পর্কে চিড় ধরেছে। তবে আচমকা তিনি আত্মহত্যার পথে হাঁটবেন তা কল্পনাও করতে পারেননি তাঁর সতীর্থরা। তাঁর প্রয়াণে মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া নেমে এসেছে। দু' সপ্তাহ আগে বৈশালীর করা প্রাণবন্ত রিল ভিডিয়োতে করণ সিং ছাবড়া লিখবেন, "রেস্ট ইন পিস বৈশালী। তুমি এত শক্ত মনের মানুষ ছিলে। এই ধরনের সিদ্ধান্ত নেবে ভাবিনি।" নেটিজেনরাও সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন এদিন। প্রসঙ্গত, সসুরাল সিমর কা, সুপার সিস্টার্স, মনমোহিনীর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন বৈশালী।
