
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবার খবরের শিরোনামে উঠেছে সিংহ রাজপুতের মৃত্যু , অভিনেতার মৃত্যু কি আত্মহত্যা! না কি খুন করা হয়েছিল তাঁকে? সম্প্রতি এই বিতর্ক উঠে আসছে বার বার।
এবার এই প্রসঙ্গে মুম্বই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিহার পুলিশের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। তাঁর অভিযোগ, সেই সময় সুশান্তের মৃত্যুর তদন্তে বিহার থেকে যে পুলিশ আধিকারিকের দল পাঠানো হয়েছিল, তাদের সঙ্গে বিন্দুমাত্র সহযোগিতা করেনি মুম্বই পুলিশ। শুধু তা-ই নয়, মুম্বই পুলিশ যে বিহার পুলিশের কাছে কিছু আড়াল করেছে, সে কথাও স্পষ্ট করে জানান এই পুলিশকর্তা।
গুপ্তশ্বর পাণ্ডে ছিলেন সুশান্ত সিংহ মামলার সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্তা। তিনি বলেন, ‘‘বিহার থেকে যে সব পুলিশ গিয়েছিলেন এই মামলার তদন্ত করতে, তাঁদের প্রতি মুম্বই পুলিশের ব্যবহার খুব একটা ভাল ছিল না। যেন নিয়মবিরোধী কোনও কাজ করছে বিহার পুলিশ। এমনকি, এক আইপিএসকে গৃহবন্দি পর্যন্ত করে রাখা হয়। যদি বিহার পুলিশ ১৫ টা দিন সময় পেত, এত দিনে এই কেসের মীমাংসা হয়ে যেত।’’
সম্প্রতি মর্গকর্মী রূপকুমার শাহ সুশান্তের মৃত্যু প্রসঙ্গে বড় মন্তব্য করেন। প্রশ্ন উঠছিল অভিনেতার মৃত্যুর ঘটনার প্রায় আড়াই বছর কেটে গিয়েছে সেই প্রসঙ্গে এত দিন পর কেন মুখ খুললেন তিনি! মর্গকর্মীর কথায়, ‘‘আগের রাজ্য সরকারকে বিশ্বাস ছিল না। তাই কথা বলিনি। কিন্তু এখন আমি আমার বয়ান রেকর্ড করাতে রাজি আছি। এখন আর আমি নিজের নিরাপত্তার কথা ভাবি না। বরং চাই, সুশান্ত সিংহ রাজপুত সুবিচার পান।’’
