
নয়াদিল্লি, ১২ অক্টোবর : যন্তর মন্তরে প্রতিবাদের অনুমতি দেওয়া নিয়ে দিল্লি পুলিশকে কড়া বার্তা দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দলের মুখ্য মুখপাত্র সৌরভ দাস সোমবার দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার চরম সময়সীমা (আল্টিমেটাম) বেঁধে দিয়েছেন।
দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ দাস অভিযোগ করেন, পুলিশ সাধারণ নিয়ম হিসেবে যে কোনও কর্মসূচির অন্তত ১০ দিন আগে আবেদন জানাতে বলে। এই নিয়মের পালটা অবস্থান নিয়ে তিনি বলেন, "পুলিশ সকলকে ১০ দিন আগে আবেদন করতে বলে। আমরা এখন বলছি, যন্তর মন্তরে আমাদের বিক্ষোভের দিন ও সময় পুলিশ নিজেই ঠিক করে জানিয়ে দিক। আমরা তাদের সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দিচ্ছি।" এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
