
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার যুগে গুজব ছড়াতে সময় লাগে না এক মুহূর্তও। বিশেষ করে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা প্রায়ই ভাইরাল হয়ে ওঠে। কখনও সম্পর্ক, কখনও অসুস্থতা, আবার কখনও মৃত্যুর ভুয়ো খবর ঘিরে চাঞ্চল্য ছড়ায় বিনোদন জগতে। সম্প্রতি সেই বিভ্রান্তিকর গুজবের শিকার হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। শুক্রবার সকালে আচমকাই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুর খবর। একাধিক পোস্টে দাবি করা হয়, আর নেই শক্তি কাপুর। মুহূর্তের মধ্যে সেই খবর ভাইরাল হয়ে পড়ে। উদ্বেগ ছড়ায় অনুরাগীদের মধ্যে, অনেকেই শোকবার্তাও পোস্ট করতে শুরু করেন। তবে খবরটি নিয়ে শুরু থেকেই সন্দেহ প্রকাশ করেন অনেক নেটাগরিক। পরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজেই প্রকাশ্যে আসেন অভিনেতা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় শক্তি কাপুর স্পষ্ট জানিয়ে দেন, “সবাইকে স্বাগত। আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়ো। আমি সুস্থ আছি, আনন্দে আছি। দয়া করে এই খবর উপেক্ষা করুন।” পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন তিনি। ৭৩ বছর বয়সী অভিনেতা জানান, “আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে যাচ্ছি, কারণ যা ঘটেছে সেটা মোটেই প্রত্যাশিত নয়।” তাঁর কথায়, সমাজমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন আচরণ ক্রমশ বেড়ে চলেছে এবং এ ধরনের ভুয়ো খবর সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি করছে।

Shakti Kapoor reacts to death hoax
ভিডিও প্রকাশ্যে আসতেই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘মানুষ কেন এমন ভুয়ো মৃত্যুর খবর ছড়ায়! আপনি বলিউডের অন্যতম আইকনিক কৌতুক অভিনেতা। আরও শক্তিশালী হন।’ অপর এক অনুরাগী টাইগার সম্বোধন করে বলেন, ‘টাইগার এখনও বেঁচে আছে। দীর্ঘজীবী হোন।’ শক্তি কাপুরের সুস্থতা কামনা করে এক অনুগামীর প্রার্থনা, ‘আপনি সবসময় এভাবেই সুখে ও সুস্থ থাকুন।’ উল্লেখ্য, এর আগেও বহু বর্ষীয়ান শিল্পী ভুয়ো মৃত্যুর গুজবের শিকার হয়েছেন। সম্প্রতি বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়-কে নিয়েও একই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়িয়েছিল। সেই তালিকায় এবার নতুন সংযোজন শক্তি কাপুর।
