
মুম্বই, ১২ নভেম্বর: এবার মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকরা আটকালেন শাহরুখ খানকে । তার ও তারসহ যাত্রীদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বই আসার পথে শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকরা আটকান তাকে। শনিবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ, দুবাই থেকে ফেরার পথে শাহরুখ খান ও তাঁর তারসহ যাত্রীদের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি ছিল ।জানা গিয়েছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখানে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। শুক্রবার রাতে ওই পুরস্কার নিয়ে দেশে ফেরেন শাহরুখ । ব্যক্তিগত বিমান থেকে নামতেই অভিনেতাকে আটকায় শুল্ক দফতর। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপর এয়ারপোর্ট থেকে বেরতে দেখা যায় কিং খান এবং তাঁর ম্যানেজার পূজা দদলানিকে। রিপোর্ট মোতাবেক,তার বডিগার্ড রবি এবং তাঁর টিমের অন্য সদস্যদের তখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। অভিযোগ, শুল্ক না দিয়ে লক্ষাধিক মূল্যের ঘড়ি দুবাই থেকে আনা হচ্ছিল। বেশ কয়েকজনের ব্যাগ থেকে নাকি খালি ঘড়ির প্যাকেট মিলেছে। শাহরুখ খান বিষয়টি সম্পর্কে কিছু জানেন কিনা তা নিয়েই নাকি প্রশ্ন করা হয় অভিনেতাকে।
সূত্রের খবর, তল্লাশিতে অভিনেতা এবং তাঁর টিমমেটদের ব্যাগ থেকে ছ' বাক্স অ্যাপেল ওয়াচ এবং রোলেক্স সহ একাধিক দামী ঘড়ি পাওয়া যায়। শুল্ক দফতরের হিসাব অনুযায়ী, যে ক'টি ঘড়ি উদ্ধার হয়েছে তার ট্যাক্স বাবদ ১৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা দিতে হত মহাতারকা এবং তাঁর টিমকে। ঘণ্টাখানেক কথাবার্তার পর শাহরুখ এবং পূজাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু, রবি সহ বাকিদের আটকে রাখা হয়।
পরে রবিকে ছ' লাখ ৪৭ হাজার টাকা দিতে হয়েছে। যার রশিদ তাঁর নামেই কাটা হয়েছে। যদিও শাহরুখের ক্রেডিট কার্ড থেকেই ওই অর্থ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর । শুল্ক দফতরের আধিকারিক পুগল এবং যুদ্ধবীর যাদবের নেতৃত্বে এই অভিযান চলে। জানা গিয়েছে, শনিবার সকাল আটটা নাগাদ রবি এয়ারপোর্টের বাইরে আসেন।
