
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিউডের সাংগঠনিক অচলাবস্থা কাটাতে ঘোষিত নতুন ‘কনফেডারেশন’কে ঘিরে রাজনৈতিক ও সাংগঠনিক বিতর্ক আরও জোরালো হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘Eastern India Motion Pictures & Cultural Confederation (EIMPCC)’ নামে যে সংগঠনের কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
শমীকের এই মন্তব্যের পরই শিল্পী ও কলাকুশলীদের একাংশ অভিযোগ তোলেন, নতুন সংগঠনের নামে সদস্যপদ দেওয়ার জন্য ৭০০ টাকা করে ফর্ম বিক্রি করা হয়েছে। তাঁদের দাবি, সেই অর্থ ফেরত দেওয়া হোক। অভিযোগ আরও, টলিউডে এটি বিজেপি-সমর্থিত সংগঠন বলেই প্রচার করা হয়েছিল। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। তাঁর দাবি, কোনও অর্থের বিনিময়ে ফর্ম বিতরণ করা হয়নি। পাশাপাশি তিনি জানান, বর্তমান অচল পরিস্থিতি সামাল দিতেই সাত সদস্যের একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে রয়েছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, পরিচালক অতনু বসু, চিত্রগ্রাহক সোমনাথ বন্দ্যোপাধ্যায়, শিল্প নির্দেশক উজ্জ্বল সরকার-সহ আরও কয়েকজন। পাপিয়ার বক্তব্য, টলিউডে দীর্ঘদিন ধরে সাংগঠনিক শূন্যতা ও বিশৃঙ্খলা চলছে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই কমিটিই শিল্পী-কলাকুশলীদের সমস্যার কথা শুনবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এদিকে শমীক ভট্টাচার্য সোমবার স্পষ্ট ভাষায় বলেন, “কনফেডারেশন নামে কোনও সংগঠন বিজেপির নয়। এর সঙ্গে দলের কোনও সম্পর্কও নেই।” তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অস্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত কি বিজেপির আনুষ্ঠানিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক?
অন্যদিকে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও জানিয়েছেন, রাজ্য সভাপতির বক্তব্যই দলের অবস্থান। তাঁর মতে, শ্রম আইন মেনে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করেই টলিউডের সাংগঠনিক সমস্যার স্থায়ী সমাধানের পথে এগোনো হবে। টলিউডে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কবে স্থায়ী ও গ্রহণযোগ্য সাংগঠনিক কাঠামো তৈরি হবে, এখন সেদিকেই নজর শিল্পী, কলাকুশলী এবং চলচ্চিত্র মহলের।
