
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলা ছবির গণ্ডি পেরিয়ে ২০২১ সালে ‘সনক’-এর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রুক্মিণী মৈত্র। গত কয়েক মাস ধরেই হিন্দি সিনেজগতে জোর চর্চা চলছিল, অক্ষয় কুমারের আগামী সায়েন্স-ফিকশন ছবি ‘শামুক’-এ নাকি মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন টলি অভিনেত্রী। অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে একাদশীর দিন সেই খবরে আনুষ্ঠানিক সিলমোহর দিল প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স। এবার ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন রুক্মিণী নিজেই। শেয়ার করলেন ছবির মোশন পোস্টার। সেখানে রহস্যময় বার্তা হিসেবে ফুটে উঠেছে, ‘দ্য মিশন ইজ হিউম্যান। দ্য এনিমি ইজ নট।’ অর্থাৎ মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, যেখানে প্রতিপক্ষ কোনও মানবিক শক্তি নয়। পোস্টার প্রকাশ্যে আসতেই ছবিটি ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
সিনেমার নাম যখন ‘শামুক’, তখন খোলসের পিছনের কিছু গল্প থাকবে তা বললে অত্যুক্তি হবে না। ৩০ সেকেণ্ডের মোশন পোস্টারে রুক্মিণীর দেখা মেলেনি, তবে গুহার ভিতর অক্ষয়ের অবয়ব স্পষ্ট। কয়েক সেকণ্ডের ঝলকে দৃশ্যমান ভূতুড়ে হাতের নেপথ্যে লুকিয়ে রহস্য! আলো আঁধারিতে বন্দুক হাতে অক্ষয় যেন শত্রু নিধনের লক্ষ্য নিয়েই গুহার ভিতর প্রবেশ করেছেন। ‘দ্য মিশন ইজ হিউম্যান। দ্য এনিমি ইজ নট’, এই ট্যাগলাইনের সঙ্গে অক্ষয়, রুক্মিণীর সিনেমার প্রথম ঝলক দেখে দুইয়ে দুইয়ে চার করার প্রচেষ্টামাত্র। ‘শামুক’-এর পয়লা ঝলকে একটা গা ছমছমে ভয়ের আবহ রয়েছে তা বলাই বাহুল্য। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ এবং যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহ। উল্লেখ্য, এর আগে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র। সেই প্রেক্ষিতে ‘শামুক’-এর হাত ধরে প্রযোজনা সংস্থার ঘরের মেয়ের ঘরওয়াপসি বললেও অত্যুক্তি হয় না।

কল্পবিজ্ঞান ভিত্তিক যে সিনেমার গল্পে ফুটে উঠবে টিকে থাকার লড়াই। পাশাপাশি ধুঁয়াধার মারপিটের দৃশ্যও উপহার পাবেন দর্শক। আর খিলাড়ি মানেই ক্ষুরধার অ্যাকশন ছবি। অতঃপর এহেন বিগবাজেট ‘লার্জ স্কেলে’র সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া চারটিখানি কথা নয়! উপরন্তু অক্ষয় কুমারের নায়িকা হওয়া যে রুক্মিণীর ফিল্মি কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে, তা বলাইবাহুল্য।
