
কলকাতা, ১৮ জানুয়ারি : প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ঘটনা স্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন। বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘একেনবাবু’র স্রষ্টা ছিলেন তিনি। মূলত নিউ জার্সিতে থাকতেন সুজনবাবু।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কিছু মাস ধরে কলকাতায় ছিলেন তিনি। সার্ভে পার্ক থানার অন্তর্গত বহুতল ‘উদিতা’য় তাঁর আরও এক ফ্ল্যাট রয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হল লেখকের, তা খতিয়ে দেখছেন তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পরিচারিকা এসে তাঁর ফ্ল্যাটে বারংবার কড়া নাড়তেও সাড়া দেননি সুজনবাবু। এরপরেই ফ্ল্যাটের নিরাপত্তাকর্মীদের ডাকেন পরিচারিকা। কিন্তু ভেতর থেকে কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। শোয়ার ঘরের বাথরুমের সামনের মেঝে থেকে উদ্ধার হয় সুজন বাবু নিথর দেহ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।
পুলিশ সূত্রের খবর, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল, ৮০ বছর। ‘একেনবাবু’র পাশাপাশি একাধিক বই লিখেছেন সুজন। যেমন, ‘ম্যানহ্যাটনে মুনস্টোন’, ‘ঢাকা রহস্য উন্মোচিত’, ‘খুনের আগে খুন’ ইত্যাদি। এই প্রসঙ্গে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বলেন, দশ মিনিট আগে খবরটা পেয়েছেন তিনি। এখনও বিশ্বাস হচ্ছেনা। সুজন দাশগুপ্তের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পর্দার ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী। শোকাহত তাঁর লেখার হাজারও অনুরাগী।
