
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রকাশ্যে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ট্রেলার। জানা গিয়েছে, আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেতে চলেছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। ট্রেলারে দেখা যাচ্ছে, গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য। পাশাপাশি দেশভাগ, ৭০ দশকের নকশালবাড়ি আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে ট্রেলারে।
সম্প্রতি, ইনস্টাগ্রামে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজের লুক শেয়ার করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাথায় পাকা চুল, চোখে চশমা, কোঁচকানো চামড়ায় বিধবা বৃদ্ধার বেশে শুভশ্রীকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
দেবালয় ভট্টাচার্যের হাত ধরে হইচই-ওয়েব সিরিজে এই প্রথম অভিনয় করলেন শুভশ্রী। হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ২৫টি নতুন সিরিজ, সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। সিরিজ, সিনেমার পোস্টারও রিলিজ হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, পর্দায় ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স দেখানো হবে। পারিজাত চৌধুরীকে দেখা যাবে ১৬ বছরের ইন্দু হিসেবে। আর ২৫ থেকে ৭৫ পর্যন্ত বয়সে দেখা যাবে শুভশ্রীকে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। সংসার, সন্তানপালনের জন্যই ভাতের হোটেল খুলবেন ইন্দুবালা।
উল্লেখ্য, কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাসই সিরিজ হিসেবে উঠে এসেছে ।ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও সোহম ও অনসূয়া মজুমদারকেও দেখা যাবে এই ছবিতে। তবে এই ছবিতে শুভশ্রীকে দেখার জন্য খুবই উৎসাহিত দর্শকরা।
