
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সকালে ভারতীয় সঙ্গীত জগতে আবারও গভীর শোকের ছায়া। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে। তাঁর প্রয়াণে যেন একটি স্বর্ণযুগের অবসান হল বলে মনে করছেন সঙ্গীতপ্রেমীরা। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বুকে সংক্রমণ এবং শারীরিক দুর্বলতার কারণে তাঁকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং পরে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। কিন্তু তাঁর নাতনি জানাই ভোঁসলে সোশাল মিডিয়ায় একটি আপডেট দিয়েছিলেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আমার ঠাকুমা আশা ভোঁসলে। আমরা অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। চিকিৎসা চলছে তাঁর। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা ঘটবে, আমরা আপনাদের জানাব।’ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আশা ভোঁসলে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছিল, শিল্পীর বাড়ির গৃহকর্মীকে শরীরের অস্বস্তি ও মাথা যন্ত্রণার কথা বলার সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন। তখুনি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

উল্লেখযোগ্যভাবে, গত ১১ জুলাই শুক্রবার সাতসকালে আচমকা রটে যায় প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে! এই খবরে তোলপাড় হয়ে উঠেছিল বিনোদুনিয়া। অনেকে তো আবার এই গভীর শোকপ্রকাশও করেছিলেন। সেই সময় তাঁর পুত্র আনন্দ ভোঁসলে স্পষ্ট করে জানিয়েছিলেন যে খবরটি সম্পূর্ণ মিথ্যা। কিন্তু এবার সমস্ত আশঙ্কাকে সত্যি করে দিয়ে চিরবিদায় নিলেন এই মহান শিল্পী।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তাঁর কণ্ঠের জাদু প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। তাঁর প্রয়াণে শুধু বিনোদন জগতই নয়, গোটা দেশের সাংস্কৃতিক পরিসরে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল।
