
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ শ্রেয়া ঘোষাল এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চেও সমানভাবে দাপট দেখাচ্ছেন। চলতি সপ্তাহে লন্ডনের বিখ্যাত ওটু অ্যারেনায়-এ তাঁর লাইভ কনসার্ট ছিল হাউসফুল, যা আবারও তাঁর জনপ্রিয়তার প্রমাণ দিল। এই শোর মাঝেই ব্রিটিশ ভোগের একটি ভিডিওতে ধরা পড়ে ব্যাকস্টেজের এক বিশেষ মুহূর্ত। সেখানে শ্রেয়াকে জিজ্ঞাসা করা হয় তাঁর সুন্দর, লম্বা ও মোলায়েম চুলের রহস্য কী। উত্তরে তিনি জানান, কোনও দামি প্রোডাক্ট নয়—বরং সহজ ঘরোয়া উপায়ই তাঁর ভরসা। আর সেই গোপন টোটকা হল নারকেল তেল। ভিডিওতে শ্রেয়ার খোলা কোমরছোঁয়া চুল, হালকা কার্ল আর স্বাভাবিক লুকে তাঁকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তাঁর কথায়,নিয়মিত নারকেল তেল ব্যবহার চুলকে মজবুত ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে,চুলের যত্নে নারকেল তেল খুবই উপকারী এবং সহজ একটি উপায়। এটি প্রাকৃতিকভাবে চুলকে মজবুত, নরম ও উজ্জ্বল করে। নারকেল তেল চুলের গোড়া শক্ত করে, ফলে চুল পড়া কমে। সঙ্গে চুলকে নরম ও মসৃণ করে। এটি খুশকি কমাতেও সাহায্য করে। এছাড়াও চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং শুষ্ক ও রুক্ষ চুল ঠিক করতে সাহায্য করে। শ্যম্পু করার আগে অনেকেই চুলে নারকেল তেল লাগন। এটি হালকা গরম করে লাগানোরও চল আছে। ৩০ মিনিট থেকে সারা রাত রাখতে পারেন নারকেল তেল চুলে।

উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল সারেগামাপা জিতে সঙ্গীত জগতে নিজের পথচলা শুরু করেন। তিনি ‘দেবদাস’ ছবির ‘বৈরি পিয়া’ গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার অর্জন করেন। তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা শর্মিষ্ঠা ঘোষাল সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। নিজের প্রতিভা এবং আত্মবিশ্বাস অর্জনের মাধ্যমে টানা দুই দশকেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সঙ্গীতজগতে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। ব্যক্তিগত জীবনেও সমানভাবে সুখী শ্রেয়া। ২০১৫ সালে শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। কাজ ও পরিবার—দুই ক্ষেত্রেই সমান দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই গায়িকা।
