
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউড অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু নিয়ে ক্রমেই উঠে আসছে না না চাঞ্চল্যকর তথ্য। তাঁর ‘প্রেমিক’ তথা সহ-অভিনেতা শীজ়ান খানকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। শীজ়ানের বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছিলেন মৃতার মা।
এখানেই শেষ নয়, এ বার উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।শীজ়ানকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের বক্তব্য, ১৫ দিন আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল। সম্পর্কের এই টালমাটাল পরিস্থিতির জন্য অবসাদে ভুগছিলেন ২১ বছরের অভিনেত্রী। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে ওয়ালীব থানায় ৩০৬ ধারায় শীজ়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশের অনুমান অবসাদের কারণেই এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, শনিবার শুটিংয়ের সেটের সাজঘরে বছর কুড়ির তুনিশাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। কিন্তু চিকিৎসকরা অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
