
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মোথাবাড়ি কাণ্ডে তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে চার্জশিট জমা দিতে হবে।ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এসআইআর কাজের দায়িত্বে থাকা বিচারকরা বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মুখে পড়েন এবং কালিয়াচক ২ বিডিও অফিসে দীর্ঘক্ষণ আটকে থাকেন, যেখানে মহিলা-সহ মোট সাতজন জুডিশিয়াল অফিসার ছিলেন। পরে গভীর রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে।
ঘটনাকে ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক, যা পৌঁছে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আদালত তদন্তের দায়িত্ব এনআইএ-কে দেয় এবং রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, মালদহের পুলিশ সুপার ও জেলা শাসককে শোকজ নোটিস পাঠায়।আদালতের নির্দেশ অনুযায়ী, বর্তমানে মোথাবাড়ি কাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা ১২টি এফআইআরের তদন্ত করছে এনআইএ। ইতিমধ্যেই এসংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা দিয়েছে এনআইএ। আজ, সোমবার শীর্ষ আদালতে ছিল মোথাবাড়ি কাণ্ডের শুনানি। সেখানেই আদালত সাফ জানায়, আগামী ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত।
