Game

3 years ago

Surajit Sengupta: আগামীকাল সাতের দশকের শিল্পী ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের জন্মদিন

Surajit Sengupta
Surajit Sengupta

 

কলকাতা, ২৯ আগস্ট : সাতের দশকের সেই শিল্পী ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের আগামীকাল জন্মদিন। ৩০ আগস্ট ১৯৫১ তিনি জন্মেছিলেন হুগলি জেলার চুঁচুড়াতে। শুধু কলকাতার ফুটবলেই নয়, তিনি স্মরণীয় ভারতীয় ফুটবলেও। এশিয়ান গেমসে ভারতের জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্বও করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে বাংলার গৌরব পুরস্কার প্রদান করেছেন। কিন্তু তারকা এই ফুটবলাটি আর আমাদের কাছে নেই। কোভিড আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সে তিনি চলে গেছেন গত ২০২২ এর ১৭ ফেব্রুয়ারি।

সাতের দশকের ময়দানে অনেক কারণে সুরজিৎ নায়ক হয়ে উঠেছিলেন। রাইট উইংয়ের প্লেয়ার। কিন্তু লেফট উইংয়েও খেলেছেন। উইং থেকে সতীর্থদের জন্য গোলের ঠিকানা লেখা পাস বাড়াতেন। দু’পায়ে জোরাল শট ছিল। উইথ দ্য রান ড্রিবলে ছিলেন পারদর্শী। দর্শনীয় গোলের জন্য বিখ্যাত ছিলেন। এ সবই তাঁকে শিল্পী করে তুলেছিল। তারপর তো সব ইতিহাস। কলকাতা ফুটবল থেকে ভারতীয় ফুটবল তার পায়ের জাদুতে মেতেছিল।

ফুটবল যেমন তার নেশা ছিল, পড়াশোনাতেও তেমনই ভালো ছিলেন সুরজিৎ। শুধু তাই নয়, গানবাজনার প্রতিও একই রকম ঝোঁক ছিল তাঁর। ছেলেবেলায় একবার সুচিত্রা মিত্রের সঙ্গে এক অনুষ্ঠানে তবলা বাজিয়েছিলেন তিনি। বন্ধুমহলে গানের জন্য বেশ জনপ্রিয় ছিলেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ঐচ্ছিক অবসরের পর, ২০০৩ সালে আজকাল পত্রিকার ‘খেলা’ ম্যাগাজিনের সহযোগী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তার জন্মদিনেও ময়দান জুড়ে থাকবে শোকের ছায়া। কারণ সুরজিতের প্রয়াণে আজও ময়দান কাঁদে। এখনও যে ময়দানি সমর্থকদের চোখে ভাসছে সাতের দশকের এই শিল্পী উইঙ্গার।




You might also like!