
আমেদাবাদ, ১১ মার্চ : আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিন ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত কামব্যাক করল। মাত্র ১ উইকেট হারিয়েই তারা এখনও পর্যন্ত ১৮০ রান করে ফেলেছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শুভমান গিল তাঁর টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরানটা করে ফেললেন।
তিনি রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে তৃতীয় দিনের শুরুটা করেছিলেন। কারণ দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। তবে তৃতীয় দিন শুভমান হাফসেঞ্চুরি করতে না করতেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা নিজের উইকেট খুইয়ে বসেন। এরপর শুভমান চেতেশ্বর পূজারাকে সঙ্গী করে সামনের দিকে এগিয়ে যান। আর সেইসঙ্গে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পূরণ করলেন। ইতিপূর্বে তিনি কেরিয়ারের প্রথম টেস্ট শতরানটি চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন।
