
কলকাতা, ২৮ অক্টোবর : প্রাক্তন ক্রিকেটার ও বোর্ডের প্রশাসক হিসেবে বিসিসিআইয়েরপুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম বেতনের সিদ্ধান্তের ঢালাও প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম বেতনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নাম উল্লেখ করলেন বর্তমান প্রেসিডেন্ট রজার বিনি, সচিব জয় শাহ, রাজীব শুক্লা-সহ অনেকের। সৌরভের মতে, এই পদক্ষেপের ভীষণ প্রয়োজন ছিল। কারণ মেয়েদের ক্রিকেট অনেক কিছু দেখেছে। বর্তমানে পারফরম্যান্সই তাঁদের হয়ে কথা বলেছে। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বর্তমান সদস্যদের নাম ধরে ধরে উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন মহারাজ।
বৃহস্পতিবার এক ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেট থেকে বেতন-বৈষম্যকে ছুঁড়ে ফেলার কথা ঘোষণা করেন শাহ। বিরাট কোহলি, রোহিত শর্মারা যত পরিমাণে ম্যাচ ফি পান হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানারাও এবার থেকে সমান বেতন পাবেন। গত কয়েকবছর ধরে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্স গর্ব করার মতো। কমনওয়েলথ গেমসের ফাইনাল খেলা, ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় থেকে এশিয়া কাপ জেতার মত ঘটনা সাম্প্রতিক। এই অবস্থায় বোর্ডের সম বেতনের সিদ্ধান্তে সৌরভ লিখেছেন, “সবেমাত্র সকালের পেপারে খবরটা দেখলাম। জয়, রজার, রাজীব ভাই, আশিসজী, দেবজিৎ এবং অ্যাপেক্স কাউন্সিলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাই। পারফরম্যান্সই জানান দিচ্ছে মেয়েদের ক্রিকেটের উন্নতির কথা।”
বোর্ড সভাপতি থাকাকালীন সৌরভের মুখে বারবার শোনা গিয়েছে মহিলা ক্রিকেটের উন্নতির কথা। নিজে খেলোয়াড় ছিলেন। তাই বোর্ড সভাপতি পদে বসা ইস্তক ক্রিকেটারদের স্বার্থের কথা ভেবেছেন। সৌরভের আমলে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি-র পরিমাণ বেড়েছিল অনেকটাই। শুধু তাই নয়, তরুণ প্রতিভাদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বয়সভিত্তিক ক্রিকেটেও পারিশ্রমিক বাড়ানো হয়। এর পাশাপাশি মেয়েদের আইপিএল নিয়ে সিরিয়াস পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন বোর্ড সভাপতি। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুর দিকেই দেশের মাটিতে মেয়েদের পূর্ণ আইপিএলের উদ্বোধনী সংস্করণের দামামা বাজবে।
