
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছর অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার পর থেকে কোনও প্রশাসনিক দায়িত্বে দেখা যায়নি তাঁকে। তবে তিনি আবার স্বমহিমায় ফিরতে চলেছেন আইপিএলের আসন্ন মরসুমে। দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান। ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দেখা যাবে তাকে বলে সূত্রের খবর।
দিল্লি ক্যাপিটালসের বর্তমান অধিনায়ক ঋষভ পন্থ এবং কোচ রিকি পন্টিং। সেই দলেই যুক্ত হতে চলেছেন সৌরভ। প্রসঙ্গত, আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দু’টি রয়েছে সেগুলির সঙ্গেও কাজ করবেন সৌরভ।
উল্লেখ্য, ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর ছিলেন সৌরভ। কোচ পন্টিংয়ের সঙ্গে সৌরভকে জুড়ে দিয়ে শক্তি বাড়াতে চাইছে দিল্লি। বোর্ডের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। তা না হলে স্বার্থ সংঘাত হতে পারত। এ বার আর সেই অসুবিধা নেই। বোর্ডের সব রকম দায়িত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ। তাই দিল্লি দলে তাকে দেখা যেতে পারে বলে জোর জল্পনা চলছে।
প্রসঙ্গত, অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়ার পর সৌরভের স্থানে আসেন '৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিন্নী। আগামী তিন বছর দায়িত্ব তাঁর কাঁধে। সৌরভ বোর্ড থেকে দরে গেলেও সচিব পদে থেকে গিয়েছেন জয় শাহ, তা নিয়ে রাজনৈতিক মহলে কম জল ঘোলা হয় নি!তবে সব বিতর্কের পর আবার ও সৌরভের এই কামব্যাক অবশ্যই আকর্ষনীয় হতে চলেছে।
