
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইমরান নাজির, এক সময় তিনি শাহিদ আফ্রিদির সতীর্থ হিসাবে পাকিস্তানের জাতীয় দলে খেলেছেন। বর্তমানে তার বয়স ৪১, নাজির জানান যে প্রায় ১০ বছর আগে তাঁকে বিষ দেওয়া হয়েছিল। কিন্তু কী ভাবে সেই বিষ তাঁকে দেওয়া হয়, তা জানেন না তিনি।তিনি আরো জানান তার খেলার সময় তাকে বিষ দেওয়া হয়। নাজির জানান তার শরীরে বিষাক্ত ধাতু পারদ প্রবেশ করানো হয়। যা ধীরে ধীরে তার হাড়ের ক্ষতি করছিল।
সতীর্থের এমন অবস্থার কথা জানতে পেরে এগিয়ে আসেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক পাকিস্তানি টাকায় ৪০-৫০ লক্ষ খরচ করেন।নাজির বলেন, “আমার জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল চিকিৎসা করাতে গিয়ে। শেষ বেলায় আফ্রিদি আমাকে সাহায্য করে। আমার কাছে কিছু ছিল না। আফ্রিদি এক দিনের মধ্যে আমার চিকিৎসককে টাকা পাঠায়। সেই সঙ্গে বলে দেয় যত খরচ হওয়ার হোক, আমি যেন সুস্থ হয়ে উঠি। ৪০-৫০ লক্ষ টাকা খরচ করে ও।
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে আটটি টেস্ট এবং ৭৯টি এক দিনের ম্যাচ খেলেন নাজির। পাকিস্তানের ওপেনার লাল বলে ৪২৭ রান করেন এবং এক দিনের ক্রিকেটে করেন ১৮৯৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটে চারটি শতরান রয়েছে তাঁর। ২৫টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন নাজির। সেখানে ৫০০ রান রয়েছে তাঁর। ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন নাজির।
